কুড়িগ্রামের কচাকাটা থানা পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৪২৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে একটি অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে জয়নাল নামে এক ব্যক্তি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) নারায়ণপুর ইউনিয়নের বাহারের ঘাট এলাকায় প্রথম অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যদের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, ইয়াবাগুলো জয়নাল নামে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্গম চরাঞ্চলের সুযোগ নিয়ে তিনি পালিয়ে যান। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পরে একই দিন রাতে কচাকাটা থানার গাবতলা বাজার এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। এ সময় ২৭ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার দাসের নেতৃত্ব ও সার্বিক নির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়।
কচাকাটা থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক কারবারী ও মাদক সেবীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
মতামত