নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নে তিস্তা নদীতে গোসল করতে নেমে আরমান ইসলাম (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দোহলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আরমান ওই এলাকার হালিম ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কয়েকজনের সঙ্গে তিস্তা নদীতে গোসল করতে নামেন আরমান। গোসল শেষে অন্যরা নদী থেকে উঠে এলেও আরমান পানিতে থেকে যান। একপর্যায়ে তিনি স্রোতের মধ্যে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। নিখোঁজ যুবককে উদ্ধারে রংপুর থেকে ডুবুরি দলও ঘটনাস্থলে আসছে বলে জানিয়েছে পুলিশ।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ রয়েছে। উদ্ধার অভিযান চলছে। রংপুর থেকে ডুবুরি দল আসছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর স্রোতে আরমান দূরের কোনো স্থানে ভেসে যেতে পারেন।”
শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত ছিল।
মতামত