ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (১৯) নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশটির ভিল্লে লিতেরনো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিঠাপুর গ্রামের প্রামাণিক বাড়ির নশু প্রামাণিকের একমাত্র ছেলে।
পরিবার ও প্রবাসী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে সাইকেল চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন শরিফুল। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিকটস্থ হাসপাতালের মর্গে পাঠায়। তবে ঠিক কীভাবে এবং কোন পরিস্থিতিতে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
স্বজন ও প্রবাসী সূত্র জানায়, জীবিকার সন্ধানে মাত্র কয়েক মাস আগে ইতালিতে পাড়ি জমান শরিফুল। নাপোলির ভিল্লে লিতেরনো এলাকায় একটি সরকারি আশ্রয়কেন্দ্রে থাকতেন তিনি।
শরিফুলের মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মাত্র ১৯ বছর বয়সে প্রবাসের মাটিতে তার আকস্মিক মৃত্যুতে মাদারীপুরের মিঠাপুর গ্রাম এবং ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যেও শোকের আবহ তৈরি হয়েছে।
এদিকে শরিফুলের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন রোমে বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক।
মতামত