কাতারের ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলার কথা প্রথমবারের মতো প্রকাশ্য সাক্ষাৎকারে স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতারকে ‘শত্রুভাবাপন্ন দেশ’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, “আমি কাতারে হামলা করেছি, বোমা হামলাও চালিয়েছি। (গাজা) যুদ্ধের সময় তাদের ওপর হামলা করেছি। আর তারাও আমার ওপর হামলা করেছে।”
ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব কথা বলেন। শনিবার (৫ সেপ্টেম্বর) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই সাক্ষাৎকারের ভিডিও চিত্র প্রকাশ করেন।
সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও দাবি করেন, গাজায় অভিযান চলার সময় কাতার ইসরায়েলের নীতিতে কোনো ধরনের প্রভাব ফেলতে পারেনি। অথচ গাজা সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বৈশ্বিক অংশীদারদের পাশাপাশি কাতার অন্যতম প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছিল। ২০১২ সাল থেকে মার্কিন প্রশাসনের অনুরোধেই দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয় পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছিল বলে কাতার নিশ্চিত করেছিল।
উল্লেখ্য, ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে এক আবাসন ভবনে আকাশপথে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় হামাসের পাঁচজন শীর্ষ নেতা এবং কাতারের একজন নিরাপত্তাকর্মী নিহত হন। গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে হামাস নেতাদের এক বৈঠক চলাকালে এই হামলা চালানো হয়েছিল।
হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একে আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের ‘সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছিল কাতার। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ ইরান, পাকিস্তান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই হামলার তীব্র নিন্দা জানায় এবং কাতারের প্রতি সংহতি প্রকাশ করে।
কাতারে সংঘটিত ওই বিতর্কিত হামলার প্রথম বর্ষপূর্তির ঠিক কয়েক দিন আগে বেনিয়ামিন নেতানিয়াহুর এই স্বীকারোক্তিমূলক মন্তব্য প্রকাশ্যে এলো।
মতামত