জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশ ও দেশের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও দেশ ও দেশের স্বাধীনতা রক্ষা করতে চাই। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না।”
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় স্বার্থে রাজনৈতিক ও সামাজিক বিভেদ ভুলে ঐক্যের মাধ্যমে একটি সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় তিনি দেশের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন এবং তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এর আগে সফরের শুরুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এবং পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ আয়োজক কমিটির সদস্যরা স্বাগত জানান। সেখানে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন। পরবর্তীতে সেনুয়া কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন তিনি।
নাগরিক সংবর্ধনা শেষে তিনি নিজ বাসভবনে গণ্যমান্য ব্যক্তি, অত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাতটি তিনি নিজ বাসভবনেই অবস্থান করবেন। সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ শেষে সকালে একটি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
বিএনপি মহাসচিবের এই সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানান, অনুষ্ঠানস্থল, যাতায়াতের সড়ক ও বাসভবনসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
মতামত