আগামী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী এবং পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদীর দূষণ নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব নদীর সঙ্গে যুক্ত খাল ও ড্রেনের বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়েও সভায় আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রী এ সময় এরই মধ্যে নেওয়া পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। নদী ও পরিবেশ রক্ষায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন তিনি।
তারেক রহমান বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদী ও প্রকৃতিকে নিরাপদ রাখতে প্রত্যেক নাগরিককে নিজের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও দায়িত্ববোধও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম উপস্থিত ছিলেন।
মতামত