সংসদে নিজেদের বক্তব্য না তুলে নির্বাচনের মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’ কর্মসূচির মাধ্যমে বিরোধী দল গণতান্ত্রিক পরিবেশ নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, রাজপথের কর্মসূচিতে বিরোধী দলের নেতাকর্মীরা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ব্যক্তিগত আক্রমণ ও আপত্তিকর বক্তব্য দিচ্ছেন। তার দাবি, প্রকাশ্যে বলা অনুপযুক্ত ভাষা ব্যবহার করে তারা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। এসব বক্তব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে সেটিকে দমন-পীড়ন হিসেবে প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
জ্বালানি সংকট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বিরোধী দল শুধু সরকারের সমালোচনা করছে, কিন্তু সংকট মোকাবিলায় কার্যকর কোনো প্রস্তাব দিচ্ছে না। সংসদে এ নিয়ে আলোচনা না করে রাজপথে আন্দোলনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশের রিজার্ভসহ অর্থনীতির ইতিবাচক দিকগুলোও জনগণের সামনে তুলে ধরা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
রিজভীর ভাষ্য, সরকার ব্যর্থ—এমন অভিযোগ তুলে বিরোধী দল আন্দোলন করলেও সাধারণ মানুষ তাদের এই অবস্থানকে ইতিবাচকভাবে দেখছে না। সংসদকে পাশ কাটিয়ে রাজপথের কর্মসূচিকে বেছে নেওয়া দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা নয় বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান রিজভী। এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য লাগানো সব ব্যানার ও বিলবোর্ড দ্রুত সরিয়ে ফেলতে হবে।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মাহমুদুর রহমান সুমন, আসাদুল করিম শাহীন, তারিকুল ইসলাম তেনজিং ও ডা. জাহিদুল কবিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মতামত