মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর আইনি ব্যবস্থা নেবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
আজ শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত 'বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি'র ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্মমন্ত্রী জানান, মাদ্রাসার মতো পবিত্র স্থানে যাতে কোনোভাবেই এমন গর্হিত ও অনৈতিক কাজ না ঘটে, সে বিষয়ে জুমার খুতবাসহ বিভিন্ন সভায় ইমামদের সচেতনতামূলক বক্তব্য ও সমাজকে জাগ্রত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে দেশজুড়ে সমবেত হওয়া হাজারো ইমাম ও আলেম-ওলামাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় মন্ত্রী বলেন, “কোনো অশুভ চক্র যেন উসকানি দিয়ে বা ষড়যন্ত্র করে দেশের দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে আলেম সমাজ ও ইমামদের সদাসর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, সমাজে সাধারণ মানুষের কাছে ইমামদের মতামত ও বক্তব্যের বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। তাই ইমামদের উচিত প্রতি শুক্রবারের জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ সব ধরনের সামাজিক অপরাধ ও অপকর্মের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখা।
কাউন্সিল অধিবেশন চলাকালে জাতীয় ইমাম সমিতির নেতৃবৃন্দ তাদের দীর্ঘদিনের বকেয়া ও বর্তমান বেতন-ভাতা বৃদ্ধিসহ ইমাম সমাজের নানা দাবি ও পেশাগত সমস্যার বিষয়গুলো সরকারের কাছে তুলে ধরেন।
মতামত