স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রোহিঙ্গা সংকটকে এখন আর শুধু মানবিক সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে অবস্থান দেশের ওপর বাড়তি চাপ তৈরি করার পাশাপাশি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন অনুষ্ঠানের আয়োজন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের নয় বছর পূর্ণ হতে যাচ্ছে। এতদিন ধরে সংকট মোকাবিলা করলেও শুধু ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর কার্যকর উদ্যোগ নিতে হবে।
এ জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বর্তমান কৌশল নতুন করে সাজানোর ওপর গুরুত্ব দেন তিনি।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত মানুষদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে বৈশ্বিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি। বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংঘাতের কারণে রোহিঙ্গা সংকট যেন আন্তর্জাতিক মনোযোগের বাইরে চলে না যায়, সেদিকেও নজর দিতে হবে।
তিনি জাতিসংঘ, প্রভাবশালী রাষ্ট্র এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে রোহিঙ্গা পরিস্থিতির ওপর ধারাবাহিকভাবে নজর রাখার আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতায় বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ রোহিঙ্গার নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে।
মতামত