স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
রোববার (৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, আইন অনুযায়ী ৯০ দিনের নির্ধারিত সময়ের মধ্যেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সম্পন্ন করা হবে। এরই মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে কমিশন। পোস্টাল ব্যালটসহ প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। তিনি ওই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আসনটি শূন্য হওয়ায় এখন সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
মতামত