২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম চলছে। তবে এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ২ হাজার ১১৪ জন। এর বিপরীতে এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন প্রায় ৭৮ হাজার ৫০০ মানুষ।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৭৫১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৩৬৩ জন প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকলেও সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়। অর্থাৎ নিবন্ধনের জন্য হাতে রয়েছে আরও ১৮ দিন।
প্রাথমিক নিবন্ধনের জন্য হজযাত্রীকে ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হবে। এর আগে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হয়। প্রাথমিক নিবন্ধনের পর আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন শেষ করতে হবে।
সরকারি ও বেসরকারি দুই ব্যবস্থাপনাতেই ই-হজ সিস্টেমের মাধ্যমে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধন করা যাবে।
সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীরা ই-হজ সিস্টেমে ইউজার তৈরি করে অনলাইনে নিজেরাই নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ রয়েছে।
সরকারি ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধনের অর্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে জমা দিতে হবে। আর বেসরকারি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে টাকা জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে তাদের প্রোফাইলে পাওয়া যাবে।
হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। প্রাথমিক নিবন্ধনের সময় প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং প্যাকেজ নির্বাচন করতে হবে।
এবার ১৫ বছরের কম বয়সীরা হজে যেতে পারবেন না। গুরুতর হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি, স্নায়ুবিক বা মানসিক রোগী এবং ডিমেনশিয়ায় আক্রান্তদেরও হজের জন্য অনুমোদন দেওয়া হবে না।
এ ছাড়া কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন এমন ক্যানসার রোগী এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না।
গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারী কিংবা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদেরও হজযাত্রীর ফিটনেস সনদ দেওয়া হবে না।
মতামত