চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজিকে প্যাকেজের অব্যবহৃত অর্থের ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়েকোবাদ এ তথ্য জানান।
ধর্মমন্ত্রী বলেন, হজের সময় বাড়িভাড়া ও সার্ভিস চার্জে প্রত্যাশার তুলনায় কম খরচ হওয়ায় প্যাকেজের নির্ধারিত অর্থের একটি অংশ সাশ্রয় হয়েছে। সেই অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, কোন হাজি কত টাকা ফেরত পাবেন, তা নির্ভর করবে তার নেওয়া হজ প্যাকেজ, আবাসনের ধরন এবং সিট আপগ্রেডেশনের ওপর।
হজ প্যাকেজ-১-এর আওতায় হোটেল বুলুরা আল দুররার সাধারণ প্যাকেজের হাজিরা ৩৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা ফেরত পাবেন। দুই সিট আপগ্রেড করলে ফেরত পাবেন ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ৫৬ পয়সা। আপগ্রেডেশনের সঙ্গে শর্ট প্যাকেজ নিলে ফেরত পাবেন ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা ৭১ পয়সা।
তিন সিটের আপগ্রেডেশনে ফেরত দেওয়া হবে ১ লাখ ১৮ হাজার ৭২ টাকা ৮২ পয়সা। আর আপগ্রেডেশনের সঙ্গে শর্ট প্যাকেজের হাজিরা পাবেন ১ লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা ৫৩ পয়সা।
প্যাকেজ-২-এর ২ নম্বর বাড়ি বা হোটেল লুলুয়াত আল ভাওহীদের সাধারণ প্যাকেজের হাজিরা ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৮ হাজার ৭৩০ টাকা ৭০ পয়সা করে ফেরত পাবেন। দুই সিট আপগ্রেডেশনে ফেরত ৬২ হাজার ৩৩১ টাকা ৭৯ পয়সা এবং আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজে ৭৮ হাজার ৭১৩ টাকা ১৪ পয়সা।
তিন সিট আপগ্রেডেশনের ক্ষেত্রে ফেরত দেওয়া হবে ৩ হাজার ২৮৭ টাকা ৩৬ পয়সা। একই সঙ্গে শর্ট প্যাকেজ হলে পাওয়া যাবে ৮ হাজার ৪৩১ টাকা ৩৬ পয়সা।
৩ নম্বর বাড়ি বা হোটেল রাওদাত আল শুরূকের সাধারণ প্যাকেজের হাজিরা ৩ হাজার ৯৭৯ টাকা ৮৮ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ১২ হাজার ১৭০ টাকা ৯৫ পয়সা করে ফেরত পাবেন। দুই সিট আপগ্রেডেশনে ফেরত ৪ হাজার ৩৭৬ টাকা ৬৬ পয়সা এবং তিন সিট আপগ্রেডেশনে ৪৪ হাজার ১১৯ টাকা ৮৭ পয়সা।
৪ নম্বর বাড়ি বা হোটেল মানার আল শুরূকের সাধারণ প্যাকেজের হাজিরা ৭ হাজার ৪১৪ টাকা ২৩ পয়সা, দুই সিট আপগ্রেডেশনে ৫ হাজার ৬৭৫ টাকা ৪৩ পয়সা এবং তিন সিট আপগ্রেডেশনে ৬ হাজার ২৪১ টাকা ২৪ পয়সা ফেরত পাবেন।
এ ছাড়া সাধারণ হজ প্যাকেজ-৩-এর আওতায় হোটেল নান্দার ওয়ানে থাকা প্রত্যেক হাজিকে ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা করে ফেরত দেওয়ার কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
মতামত