বরগুনার তালতলীতে ৫০ গ্রাম গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। এসময় পালিয়ে যায় অভিযুক্তের আরেক ছেলে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১ টার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার মৃত চান মিয়া তালুকদারের ছেলে মো. হিমু তালুকদার (৫০) এবং তার ছেলে মো. সোহান তালুকদার (২৬)। এছাড়া পালিয়ে যাওয়া অভিযুক্ত ব্যক্তি হিমু তালুকদারের অপর ছেলে মো. সজল তালুকদার (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় হিমু তালুকদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তল্লাশির একপর্যায়ে ঘরের খাটের নিচ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই হিমু তালুকদার ও তার ছেলে সোহান তালুকদারকে আটক করা হলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান সজল তালুকদার। আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বিশেষ করে প্রধান অভিযুক্ত হিমু তালুকদারের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক ও হত্যা মামলা চলমান রয়েছে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, "তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তালতলী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"
মতামত