সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া নয়জনের মরদেহ আজ বৃহস্পতিবার দেশে আনা হচ্ছে। বিকেল ৪টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-৩৪০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
নিহতদের মধ্যে সাতজন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। অন্য দুজনের বাড়ি নাটোরের নলডাঙ্গা ও রাজশাহীর বাগমারা উপজেলায়। দীর্ঘ অপেক্ষার পর স্বজনরা এখন প্রিয়জনের মরদেহ শেষবারের মতো দেখার অপেক্ষায় রয়েছেন।
গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু হয়। সৌদি কর্তৃপক্ষ আঙুলের ছাপ পরীক্ষা করে প্রথম দফায় নয়জনের পরিচয় নিশ্চিত করেছে। তবে বাকি সাতজনের ডিএনএ পরীক্ষা এখনো শেষ না হওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
এ কারণে কয়েকটি পরিবারের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। আত্রাইয়ের নিহত মিনহাজের মা পারুল বিবি ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। তার আকুতি, অন্তত শেষবারের মতো যেন ছেলেকে দেখতে পারেন।
আত্রাই উপজেলা প্রশাসন জানিয়েছে, শনাক্ত হওয়া সাতজনের মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দিতে বিনা খরচে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হলে শুক্রবার রাতের মধ্যে মরদেহগুলো নিজ নিজ এলাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
এদিকে বাকি সাতজনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার পর তাদের মরদেহও দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। প্রবাসে পরিবারের স্বপ্ন পূরণের আশায় পাড়ি দেওয়া মানুষগুলোর এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের ঘরে এখন শুধু শোক আর অপেক্ষা।
মতামত