আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৮ আগস্ট) সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু অঞ্চলেও অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কোনো কোনো স্থানে মাঝারি ধরনের ভারি থেকে ভারী বর্ষণও হতে পারে। একই সময়ে সারাদেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর বিস্তৃত অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে।
বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি মাত্রায় সক্রিয় রয়েছে।
মতামত