একটুখানি সময় পেলেই ডানা মেলে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তবে দীর্ঘ ভ্রমণে শরীর সুস্থ না থাকলে আনন্দটাই মাটি হয়ে যায়। অনিয়মিত বা অস্বাস্থ্যকর খাওয়ার কারণে পেটের সমস্যা হলে পুরো ট্যুর বানচাল হতে বাধ্য। তাই ভ্রমণে স্বাস্থ্য ঠিক রাখতে খাবারের দিকে দেওয়া চাই বিশেষ নজর।
ভ্রমণে অতিরিক্ত তেল-মসলাযুক্ত, ভাজাপোড়া বা গুরুপাক খাবার এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। ভারি খাবার সহজে হজম হতে চায় না; ফলে পেট ফাঁপা, গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। তাই সাধ্যমতো সহজপাচ্য খাবার গ্রহণ করুন।
দীর্ঘ যাত্রায় প্রচুর পানি পান করুন এবং সবসময় নিজের পানির বোতল সাথে রাখুন। অচেনা স্থানের ঝরনা, নদী বা অনিরাপদ উৎসের পানি সরাসরি না খাওয়াই ভালো। সবসময় নিরাপদ ও বোতলজাত পানি পানের চেষ্টা করুন।
ভ্রমণে বের হওয়ার সময় ব্যাগে কিছু শুকনো খাবার সাথে নিয়ে নিন। যেমন—চিড়াভাজা, মুড়ি, গুড়, ডালভাজা, চানাচুর, বিস্কুট বা কেক। এগুলো ঝটপট ক্ষুধা মেটাতে এবং আপনাকে স্বাচ্ছন্দ্যে রাখতে সাহায্য করবে।
বাস বা ট্রেন জার্নির জন্য পাউরুটির ভেতর পছন্দের সবজি ও মাংসের পুর দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন। এছাড়া ডিম সেদ্ধ ও তাৎক্ষণিক এনার্জির জন্য খেজুর সঙ্গে রাখা খুবই স্বাস্থ্যকর।ভ্রমণে গিয়ে সেখানকার স্থানীয় খাবার বা স্ট্রিট ফুড চেখে দেখা অভিজ্ঞতারই অংশ। তবে অস্বাস্থ্যকর বা নোংরা পরিবেশের খাবার খেয়ে পেট খারাপ যেন না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখুন।
যাদের নিয়মিত ওষুধ সেবন করতে হয়, তারা ট্যাবলেট, ক্যাপসুল, ইনহেলার বা ইনসুলিন হাতের নাগালে আলাদা একটা পাউচে রাখুন। যাতে জরুরি প্রয়োজনে সহজেই তা ব্যবহার করা যায়।


মতামত