নিরাপদ মাতৃত্ব ও মা-শিশুর স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বাড়াতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগানে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। ‘সুস্থ মা,সুস্থ শিশু,সুন্দর ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সমাবেশে গর্ভবতী ও প্রসূতি মিলিয়ে ১৬৭ জন মা অংশ নেন।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের মিশন টিলায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনের দিকনির্দেশনায় এবং স্বাস্থ্য সহকারী বাঁধন আচার্য্যের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. সিনথিয়া তাসমিন।
অংশগ্রহণকারীদের মধ্যে ৬৩ জন গর্ভবতী এবং ১০৪ জন প্রসূতি মা ছিলেন। তাঁদের গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা,সুষম পুষ্টি,প্রসবকালীন ঝুঁকি মোকাবিলা, নিরাপদ ও স্বাভাবিক প্রসব,নবজাতকের পরিচর্যা এবং সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণের বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
ডা. সিনথিয়া তাসমিন বলেন,মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে গর্ভাবস্থার শুরু থেকেই নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণ জরুরি। বিশেষ করে প্রত্যন্ত ও চা বাগান এলাকার মায়েদের কুসংস্কারে বিভ্রান্ত না হয়ে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের পরামর্শ অনুসরণ করতে হবে।
তিনি আরও বলেন,নিরাপদ প্রসব নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক প্রসবের বিকল্প নেই। কোনপ্রকার কুসংস্কারাচ্ছন্ন না হয়ে,বিভিন্ন বেসরকারি চিকিৎসাসেবা কেন্দ্রের দালালের কথায় বিভ্রান্ত না হয়ে সরাসরি উপজেলা সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন,গর্ভাবস্থার শুরু থেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখলে সম্ভাব্য জটিলতা আগেভাগে শনাক্ত করা সম্ভব।
সিনিয়র স্টাফ নার্স হাছিনা আক্তার বলেন, গর্ভকাল থেকে প্রসব-পরবর্তী সময় পর্যন্ত মায়ের যথাযথ পরিচর্যার পাশাপাশি নবজাতককে সময়মতো বুকের দুধ খাওয়ানো,প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা এবং নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণে পরিবারের সদস্যদেরও সচেতন হতে হবে।
কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকল্প প্রতিনিধি রিবিকা মহাপাত্র বলেন,চা বাগান ও প্রান্তিক জনগোষ্ঠীর মা ও শিশুদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। সরকারি স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় শিশুদের নিয়মিত টিকাদান,হাম প্রতিরোধ,জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা,নারীদের ভিআইএ পরীক্ষা,পরিবার পরিকল্পনা,পুষ্টি এবং প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অংশ নেওয়া মায়েরা তাঁদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ও উদ্বেগের কথা কর্মকর্তাদের সামনে তুলে ধরলে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়।
স্বাস্থ্য সহকারী বাঁধন আচার্য্য বলেন,চা জনগোষ্ঠীর মধ্যে মাতৃ ও শিশুস্বাস্থ্য বিষয়ে সচেতনতা আরও বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যেই বিভিন্ন চা বাগানের গর্ভবতী ও প্রসূতি মায়েদের নিয়ে এ আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে স্বাস্থ্য পরিদর্শক মো. মাহবুবুর রহমান,স্যানিটারি ইন্সপেক্টর বিনয় সিং রাউতিয়া,সিনিয়র স্টাফ নার্স হাছিনা আক্তার,সিএইচসিপি রাজিব সিং,স্বাস্থ্য সহকারী দুলন চন্দ্র দেব,পরিবার কল্যাণ সহকারী শিমুল কর্মকার,কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি রিবিকা মহাপাত্র (প্রকল্প),সাংবাদিক সত্যজিৎ দাস,সংবাদকর্মী ছায়েদ আলী প্রচারকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান,চা বাগানসহ প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য বিভাগ নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
মতামত