প্রতারণা ও মানহীনতার অভিযোগে প্রযোজক মনজুরুল ইসলাম মেঘের প্রযোজিত ছয় সিনেমার সার্টিফিকেশন আবেদন বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।
সিনেমাগুলো হলো—‘পরিণাম’, ‘রঙ্গশালা’, ‘রক্ত পিপাসা’, ‘রসু খাঁ’, ‘পাহাড়ের আর্তনাদ’ ও ‘বনদস্যু’। গত ৩০ জুলাই সিনেমাগুলো বোর্ডে জমা দেওয়া হয়। এরপর ১২ থেকে ১৮ আগস্ট পর্যায়ক্রমে সিনেমাগুলো যাচাই-বাছাই করেন বোর্ড সদস্যরা।
বোর্ডের অভিযোগ, ‘পাহাড়ের আর্তনাদ’ ২০২২ সালে সার্টিফিকেট পাওয়া ‘যমজ ভূতের গল্প’-এর সঙ্গে হুবহু মিলে যায়। একইভাবে ‘বনদস্যু’ সিনেমার গল্প, সংলাপ ও দৃশ্য ২০২৩ সালে সার্টিফিকেট পাওয়া ‘আমার অরণ্য’ সিনেমার সঙ্গে মিলে গেছে।
এ ছাড়া বাকি চার সিনেমায় অশ্লীল সংলাপ, মদ্যপান-ধূমপানের দৃশ্য, নিম্নমানের নির্মাণ ও কনটেন্টের অভিযোগ এনে এগুলোকে প্রদর্শনের অযোগ্য ঘোষণা করা হয়েছে।
প্রতারণার অভিযোগে কেন প্রযোজকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—সাত কার্যদিবসের মধ্যে তার লিখিত ব্যাখ্যা চেয়েছে বোর্ড।
তবে অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে মনজুরুল ইসলাম মেঘ বলেছেন, আগের দুটি সিনেমার স্বত্ব তিনি কিনেছেন। বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
মতামত