রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার ঢাকা মাতানোর রেশ কাটতে না কাটতেই
দেশের সংগীতপ্রেমীদের জন্য এলো আরেকটি বড় সুখবর। এবার বিশ্ববিখ্যাত কলম্বিয়ান পপ সুপারস্টার
শাকিরাকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ই-মেকার্স বাংলাদেশ’।
আয়োজক সূত্রে জানা গেছে, ২০২৭ সালের এপ্রিল মাসে ঢাকায় শাকিরার
এই মেগা কনসার্ট আয়োজনের পরিকল্পনা চলছে। কনসার্টের সম্ভাব্য ভেন্যু হিসেবে রাজধানীর
আর্মি স্টেডিয়ামকে বিবেচনায় রাখা হয়েছে।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানী এভিনিউয়ের
কোর্টসাইডে ওটিলিয়ার কনসার্ট শেষে সাংবাদিকদের এই পরিকল্পনা জানান ই-মেকার্স বাংলাদেশের
প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাঈম আশরাফ। তাঁর এই ঘোষণার পরপরই সামামজিক যোগাযোগ
মাধ্যমসহ সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পরেছে।
বিশ্ব সংগীতাংগনের অন্যতম জনপ্রিয় মুখ শাকিরা। ‘হিপস ডোন্ট
লাই’ এবং ‘ওয়াকা ওয়াকা’র মতো কালজয়ী গানের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয়ে
জায়গা করে নিয়েছেন। বিশেষ করে ২০১০ সালের ফিফা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘ওয়াকা ওয়াকা’
তাঁর জনপ্রিয়তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।
সংশ্লিষ্টদের মতে, সবকিছু ঠিকঠাক থাকলে এটি হতে যাচ্ছে বাংলাদেশের
ইতিহাসে অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সংগীত আয়োজন।
তবে ই-মেকার্স বাংলাদেশের পক্ষ থেকে এখনো কনসার্টের চূড়ান্ত
তারিখ, টিকিটের মূল্য বা টিকিট সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানানো
হয়নি। পাশাপাশি শাকিরার ব্যবস্থাপনা দলের পক্ষ থেকেও এখন পর্যন্ত বাংলাদেশ সফরের বিষয়ে
কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
মতামত