মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই নানা আলোচনা চলছে। এবার সেই গুঞ্জন আরও বেড়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের বিভিন্ন সূত্রের দাবি, আজ বৃহস্পতিবার কলকাতার কসবার বাড়িতে আইনি বিয়ে করতে পারেন অভিনেত্রী। পারিবারিক পরিবেশে বিয়ের রেজিস্ট্রি ও বাগ্দানের আয়োজন করা হতে পারে। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং টালিউডের কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সূত্রের খবর, সিদ্ধার্থ দত্ত নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হতে যাচ্ছে মিমির। তিনি বিনোদন জগতের কেউ নন, মার্চেন্ট নেভির সঙ্গে যুক্ত। তবে মিমি কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তাই বিষয়টি এখনো সংবাদমাধ্যমের সূত্রের ওপর নির্ভরশীল।
মিমির বিয়ের আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়ার পর। সেই কার্ডে বর-কনের ছবির পাশাপাশি দেখা যায় অভিনেত্রীর তিন পোষ্য চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদুকে। পশুপ্রেমী হিসেবে পরিচিত মিমির জীবনে পোষ্যদের বিশেষ জায়গা রয়েছে। তাই বিয়ের কার্ডে তাদের উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে।
এদিকে বিয়ের প্রস্তুতি নিয়েও চলছে নানা আলোচনা। সম্প্রতি কলকাতায় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরের বাইরে দেখা যায় মিমিকে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মেকআপ আর্টিস্ট ও স্টাইলিস্ট। এরপর থেকেই বিয়ের পোশাক নিয়ে শুরু হয় জল্পনা। তবে বিয়ের পোশাক কেনার জন্যই তিনি সেখানে গিয়েছিলেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
কলকাতায় আইনি আনুষ্ঠানিকতা শেষ হলেও বিয়ের মূল আয়োজন হতে পারে পাহাড়ি শহর কালিম্পংয়ে।
সূত্রের খবর, ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সেখানে চলবে বিয়ের বিভিন্ন অনুষ্ঠান। ৩ ডিসেম্বর ককটেল ডিনার, পরদিন মেহেদি ও সংগীত এবং ৫ ডিসেম্বর মূল বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। মালাবদল, সাতপাক ও সিঁদুরদানের মতো রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। বড় আয়োজনের বদলে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
মিমির বিয়েকে ঘিরে উৎসাহ দেখা যাচ্ছে জলপাইগুড়িতেও। অভিনেত্রীর শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে উত্তরবঙ্গের এই শহর, বিশেষ করে তাঁর মামাবাড়ির এলাকা। পরিবারের সদস্যদের কাছে বিয়ের খবরটি আনন্দের। কলকাতা ও কালিম্পংয়ে আলাদা অনুষ্ঠানের পরিকল্পনা থাকায় আত্মীয়দেরও দুই জায়গায় ভাগ হয়ে থাকতে হতে পারে।
বিয়ের পর কলকাতায় ফিরে টালিউডের বন্ধুদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে পারেন মিমি। তবে সেই অনুষ্ঠান কবে বা কোথায় হবে, তা এখনো নিশ্চিত নয়। ব্যক্তিগত জীবন বরাবরই প্রচারের আড়ালে রাখতে পছন্দ করেন অভিনেত্রী। এবারও বিয়ের আয়োজন ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ রাখার পরিকল্পনা বলে জানা যাচ্ছে। তবে সব জল্পনার অবসান ঘটাতে এখনো মিমির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় তাঁর অনুরাগীরা।
সূত্র: দ্য ওয়াল
মতামত