সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ নাশকতামূলক কর্মকাণ্ডের উপকরণ প্রবেশ এবং গুজব ছড়ানো প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য যাতে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।
দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন শেষে শনিবার (২৮ নভেম্বর) সকালে সাংবাদিকদের এসব কথা জানান দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
এর আগে তিনি হিলি সীমান্তের চেকপোস্ট গেটে বিজিবির নিরাপত্তা ব্যবস্থা তল্লাশি কার্যক্রম এবং সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেক্টর কমান্ডার বলেন, সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম তল্লাশি ব্যবস্থা এবং মাদক শনাক্তকরণে নিয়োজিত প্রশিক্ষিত কুকুরের কার্যকারিতা সরেজমিনে দেখতেই এ পরিদর্শন। সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের অনুপ্রবেশের আশঙ্কা নিষিদ্ধ সংগঠনের সদস্যদের প্রবেশ এবং গুজব ছড়িয়ে পড়ার বিষয়গুলো বিবেচনায় রেখে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
তিনি আরও বলেন, নাশকতামূলক উদ্দেশ্যে কেউ সীমান্ত দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালন করছেন।
সীমান্ত নিরাপত্তায় স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সীমান্ত সুরক্ষার দায়িত্ব শুধু বিজিবির নয় এ ক্ষেত্রে সবার সম্মিলিত ভূমিকা প্রয়োজন। সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা কোনো সন্দেহজনক তৎপরতা দেখলে বিজিবিকে জানাতে পারেন। একইভাবে সাংবাদিকদের কাছে আসা প্রাসঙ্গিক তথ্যও বিজিবিকে জানালে নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর হবে।
মতামত