আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে মুন্সীগঞ্জ জেলা যুবদল। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার নিমতলা বাসস্ট্যান্ড থেকে এ কর্মসূচি শুরু হয়। মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানার নেতৃত্বে নিমতলা থেকে মাওয়াগামী মহাসড়কের উভয়মুখী লেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীরা মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মুক্তার হোসেন খান, মনির হোসেন, লোকমান সেক, হাসান আহমেদ, মাসুদ রানা, রাজু আহমেদ, বাবুল আহমেদ, আলী আকবর, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, বাদশা মিয়া, জাবেদা আকরাম, হিমাল আহমেদ, ইমো হোসেন, রাসেল শেখ, আরিফ মোড়লসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন। আওয়ামী লীগ যতদিন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে, ততদিন জাতীয়তাবাদী যুবদল মুন্সীগঞ্জের পক্ষ থেকে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-মাওয়া মহাসড়কে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের মিছিল
মতামত