কালো ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। বাতাসে ভাসছে পোড়া মবিলের তীব্র গন্ধ। ঐতিহাসিক জমিদার বাড়ির ইট-পাথরে জমেছে কালো ছাইয়ের আস্তরণ। ধোঁয়া আর ছাইয়ের প্রভাবে সবুজ গাছের পাতাও হারিয়েছে স্বাভাবিক রং। উন্নয়নের নামে এমন পরিবেশ দূষণের চিত্র দেখা গেছে ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহাসিক ২২ রশি জমিদার বাড়ি এলাকায়। রাস্তার ঢালাইয়ের কাজকে কেন্দ্র করে সৃষ্ট এই দূষণে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। অথচ পাশেই রয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভুমি)র অফিস।
সরেজমিনে দেখা যায়, রাস্তার ঢালাইয়ের কাজে ব্যবহৃত যন্ত্র থেকে নির্গত হচ্ছে ঘন কালো ধোঁয়া। সেই ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। বাতাসে মিশে যাচ্ছে পোড়া মবিলের ঝাঁঝালো গন্ধ। ধোঁয়া ও ছাই জমে কালো হয়ে গেছে জমিদার বাড়ির ইট-পাথর। বিবর্ণ হয়ে পড়েছে আশপাশের গাছপালার সবুজ পাতা।
একদিকে চলছে রাস্তার উন্নয়নকাজ, অন্যদিকে সেই কাজের ধোঁয়া ও ছাইয়ে ম্লান হয়ে যাচ্ছে ঐতিহাসিক স্থাপনার সৌন্দর্য। নির্মাণকাজের এমন দৃশ্য যেন উন্নয়নের আড়ালে পরিবেশ বিপর্যয়ের এক নীরব বার্তা দিচ্ছে।
স্থানীয়দের মতে, রাস্তার উন্নয়ন অবশ্যই প্রয়োজন। তবে উন্নয়নের নামে পরিবেশ দূষণ কিংবা ঐতিহাসিক স্থাপনার ক্ষতি কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে জমিদার বাড়ির মতো ঐতিহ্যবাহী স্থাপনার আশপাশে নির্মাণকাজের ভারি যন্ত্রপাতির ব্যাবহারে পরিবেশ সুরক্ষায় বাড়তি সতর্কতা প্রয়োজন।
স্থানীয়রা বলছেন, নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্রপাতি থেকে নির্গত কালো ধোঁয়া নিয়ন্ত্রণ, পোড়া মবিলের গন্ধ ও ছাই ছড়িয়ে পড়ছে গাছপালা থেকে ইটপাথরে। সবকিছুই কালো বিবর্ন হয়ে গেছে। পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। পরিবেশ দুষন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
ঐতিহ্যের স্মারক জমিদার বাড়ি, আর উন্নয়নের প্রতীক নতুন রাস্তা—দুটিই গুরুত্বপূর্ণ। কিন্তু উন্নয়নের পথে যদি পরিবেশ ও ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়, তবে সেই উন্নয়ন কতটা জনকল্যাণমুখী? সদরপুরের জমিদার বাড়ির কালো ধোঁয়া আর বিবর্ণ গাছপালা সেই প্রশ্নই তুলে ধরছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার(ভুমি)র কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অফিস সাপ্তাহিক ছুটি থাকায় ফোন করেও তার বক্তব্য জানা জায়নি।
তবে পরিবেশবান্ধব নির্মাণকাজ নিশ্চিত করে ঐতিহাসিক স্থাপনার সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার দাবি জানিয়েছেন সচেতন মহল।
সদরপুর জমিদার বাড়িতে রাস্তার ঢালাইয়ের কাজের যন্ত্রপাতির কালো ধোঁয়ায় বিবর্ণ গাছপালা
বিষয় : #সদরপুর #ফরিদপুর
মতামত