কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোয়াইলপুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের দাবিতে শনিবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের ভোটকেন্দ্র উত্তর গোয়াইলপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু নদীভাঙনের কারণে সম্প্রতি উত্তর গোয়াইলপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিলীন হওয়ায় প্রায় ৪/৫ কি.মি. দূরে পুনরায় বিদ্যালয়টি স্থানান্তর করা হয়।
উক্ত ভোটকেন্দ্রের আওতায় আরাজী পিপুলবাড়ী মৌজায় ১৩শ ৫৭ জন ভোটার এবং পিপুলবাড়ী মৌজায় ৫শ ৯৭ জন ভোটার রয়েছে। পূর্বের গোয়াইলপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি প্রতিষ্ঠালগ্ন থেকেই আরাজী পিপুলবাড়ী মৌজায় গোয়াইলপুরী গ্রামে অবস্থিত ছিল এবং স্থানান্তরের পরে বিদ্যালয়টি পিপুলবাড়ী মৌজায় রলাকাটা গ্রামে প্রতিস্থাপন করা হয়েছে।
আরাজী পিপুলবাড়ী মৌজা হতে পিপুলবাড়ী মৌজার দূরত্ব ৪/৫ কি.মি. এবং যাতায়াতের একমাত্র পথ হচ্ছে নদী। এ কারণে পিপুলবাড়ী মৌজায় ১৩শ ৫৭ জন ভোটারসহ আশপাশ এলাকার প্রায় ২ শতাধিক ভোটার গোয়াইলপুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র করলে ভোটদানের সুযোগ-সুবিধা নিশ্চিত হবে।
কিন্তু স্থানান্তরিত পিপুলবাড়ী মৌজায় রলাকাটা গ্রামে গোয়াইলপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থাপন করলে প্রায় সাড়ে ১৫শ ভোটার নির্বাচনের সময় নদীপথে যাতায়াতের অসুবিধার কারণে ভোটকেন্দ্রে আসা থেকে বিরত হতে পারেন।
সিংহভাগ ভোটারের সুবিধার কথা বিবেচনা করে গোয়াইলপুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থাপন সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত হবে এবং রলাকাটা গ্রামে শুধুমাত্র প্রায় ৪০টির মতো বাড়ি ও ২ শতাধিক ভোটার রয়েছে বলে এলাকাবাসী জানায়।
একটি মহল পরিকল্পিতভাবে অধিকাংশ ভোটারদের সুযোগ-সুবিধা নষ্ট করতে ভোটকেন্দ্রটি অন্যত্র স্থানান্তরের উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে লিখিত অভিযোগের পর সরেজমিন তদন্তে গিয়ে আগের স্থানেই ভোটকেন্দ্র বহাল রাখার আশ্বাস দিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।
স্থানীয় এলাকাবাসী গোয়াইলপুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভোটারদের সুবিধা ও দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থা বিবেচনায় নিয়ে ভোটকেন্দ্র স্থাপনের দাবি জানায়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমী পারভীনসহ নির্বাচন কার্যালয়ের ৬ থেকে ৭ জন কর্মকর্তা-কর্মচারী সরেজমিনে তদন্তে যান। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের সামনে প্রতিবাদ জানান এবং ভোটকেন্দ্র স্থানান্তরের উদ্যোগের বিষয়ে আপত্তি তুলে ধরেন।
পরিদর্শনকালে জেলা নির্বাচন কর্মকর্তা এলাকাবাসীকে আশ্বস্ত করেন, ভোটকেন্দ্রটি পূর্বের স্থানেই বহাল থাকবে।
এদিকে, কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোয়াইলপুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের দাবিতে শনিবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে ৮ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী স্থানীয় কৃষক কালু মোল্লা, সফি মন্ডল, মাওঃ ইসরাফিল, আয়নাল হক, রেজ্জাক মন্ডল, আব্দুস সালাম, আক্তার হোসেন, বিমল চন্দ্র, সুমারি বেওয়া, আনছের মন্ডলসহ প্রায় ৫ শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করে।
মতামত