রংপুরের দর্শনা মোড়ে সড়ক দুর্ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের শিক্ষার্থী আফিক হাসান অভি নিহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ছিলেন।
এমআইএস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রাকিবুল ইসলাম ভূঁইয়া অভির মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে নগরীর দর্শনা মোড় এলাকায় মোটরসাইকেল ও কার্ভাড ভ্যানের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বাসা রংপুরের পীরগাছা উপজেলায়।
বেরোবি শিক্ষার্থী জাকির জিম বলেন, ‘খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসেছি। অভিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছিলাম, কিন্তু ততক্ষণে সে আমাদের ছেড়ে চলে গেছে।’
এমআইএস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রাকিবুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘দুর্ঘটনার কথা শুনে আমরা এখানে এসেছি। তাঁর মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
এদিকে অভির মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, "একজন তরুণ শিক্ষার্থীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার একজন সম্ভাবনাময় শিক্ষার্থীকে হারাল।"
উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ ছাড়া এ ধরনের অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
এদিকে আফিক হাসান অভির মৃত্যুতে শোক জানিয়েছেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোঃ মাসুদ রানা, প্রক্টর মোঃ ইসমাইল হোসেন এবং এমআইএস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রাকিবুল ইসলাম ভূঁইয়া।
মতামত