শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

অটোরিকশার দৌরাত্ম্য ও ভঙ্গুর সড়কে স্থবির কুড়িগ্রাম শহর নাগরিক সেবা ও যানজট নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ চান শহরবাসী

উত্তরের সীমান্তবর্তী জেলা শহর কুড়িগ্রাম। ছোট্ট ও শান্ত এই জনপদটি এখন তীব্র যানজট, যত্রতত্র ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য এবং নাগরিক সেবার সংকটে স্থবির হয়ে পড়েছে। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি—সবখানেই এখন অটোরিকশার অবাধ বিচরণ ও যত্রতত্র পার্কিং। এর সঙ্গে যুক্ত হয়েছে খানাখন্দে ভরা বেহাল সড়ক ও বিশুদ্ধ পানির সংকট। সব মিলিয়ে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন কুড়িগ্রাম পৌরবাসী। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে মঞ্চের বক্তব্যে উন্নয়নের নানা প্রতিশ্রুতি শোনা গেলেও বাস্তবে নাগরিক দুর্ভোগের কোনো স্থায়ী পরিবর্তন হচ্ছে না।

শহরবাসীর মতে, যানজট নিরসনে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে কার্যকর ওয়ান-ওয়ে (একমুখী) সড়কব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি। স্থানীয়দের আক্ষেপ, পুরো পৌর শহরে যান চলাচলে শৃঙ্খলা ফেরানোর মতো কার্যকর ওয়ান-ওয়ে ব্যবস্থা চোখে পড়ে না। কেবল ঘোষপাড়া এলাকায় শহীদ মিনার ট্রাফিক বক্স পর্যন্ত ওয়ালটনের ব্যানারে ওয়ান-ওয়ে ব্যবস্থার কাজ চলমান রয়েছে। এদিকে, শহরের অধিকাংশ রাস্তাঘাট খানাখন্দে ভরপুর হয়ে থাকলেও সেগুলো দ্রুত সংস্কারের কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ উঠেছে। তার ওপর রয়েছে তীব্র পানির সংকট। ন্যূনতম নাগরিক সুবিধাটুকু না পেয়ে ক্ষুব্ধ শহরবাসী পৌরসভার সেবার মান নিয়ে হতাশা প্রকাশ করছেন।

জনপ্রতিনিধি ও প্রশাসনের ভূমিকা নিয়েও সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। শহরবাসীর জিজ্ঞাসা, শহরের এই চরম বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ নিরসনে দায়িত্বশীলদের কার্যকর উদ্যোগ কোথায়? কুড়িগ্রামবাসী কি এভাবেই অবহেলিত থাকবে, নাকি প্রতিশ্রুতির বাইরে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বাস্তব কোনো সমাধান পাবে?

সরেজমিনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা গেছে। ঘোষপাড়া এলাকার প্রবীণ চা-দোকানি ভুরিয়া (৬২) দীর্ঘশ্বাস ফেলে বলেন, “বয়স তো কম হলো না, কিন্তু শহরের এমন দুরবস্থা আগে দেখিনি। অটোরিকশার চাপে এখন আর স্বাভাবিকভাবে হেঁটে চলাফেরা করারও উপায় নেই।”

বাজার এলাকার কুড়িগ্রাম ক্রোকারিজের এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “দোকানের ঠিক সামনেই সারাক্ষণ অটোরিকশা দাঁড় করিয়ে রাখা হয়। এতে ক্রেতারা দোকানে ঢোকার পথ পান না। যানজট ও জায়গার অভাবে আমরা ঠিকমতো ব্যবসা করতে পারছি না।”

শহরের প্রাণকেন্দ্র শাপলা মোড়ের বাসিন্দা মকবুল হোসেন জোরালো দাবি জানিয়ে বলেন, “শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক ব্যবস্থা জোরদার করে স্থায়ীভাবে ওয়ান-ওয়ে সড়ক চালু করতে হবে। তা না হলে এই ছোট্ট শহরটি পুরোপুরি অচল হয়ে পড়বে।”

দাদা মোড় এলাকায় কথা হয় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাছিম পারভেজ তারার সঙ্গে। তিনি বলেন, “তীব্র যানজটের কারণে শহরের কোনো ব্যবসায়ীই ঠিকমতো ব্যবসা করতে পারছেন না। দোকানের সামনে যত্রতত্র অটোরিকশা এসে দাঁড়িয়ে থাকার কারণে যেমন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি সাধারণ পথচারীরাও চরম ভোগান্তিতে পড়ছেন। জনদুর্ভোগ লাঘবে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”

শহরের যানজট, বেহাল সড়ক ও নাগরিক ভোগান্তির বিষয়ে বক্তব্য জানতে কুড়িগ্রাম পৌর কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

সচেতন মহলের মতে, দ্রুততম সময়ের মধ্যে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ওয়ান-ওয়ে সড়কব্যবস্থা চালু করা এবং ভাঙাচোরা সড়ক সংস্কারে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিত উদ্যোগ না নিলে কুড়িগ্রাম শহরের নাগরিক জীবন আরও বিপর্যস্ত হয়ে পড়বে।

বিষয় : #কুড়িগ্রাম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

অটোরিকশার দৌরাত্ম্য ও ভঙ্গুর সড়কে স্থবির কুড়িগ্রাম শহর নাগরিক সেবা ও যানজট নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ চান শহরবাসী

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream