জামালপুরের জোড়া খুনের মামলায় ৭ জনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই মামলায় যাবজ্জীবন দন্ডিত হয়েছে ৭ জন। জামালপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নেজাম উদ্দিন ওই রায় ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবি মোহাম্মদ দিদারুল আলম।
বৃহস্পতিবার(২০ আগষ্ট) দুপুরে সংশ্লিষ্ট বিচারিক আদালতে ওই রায় ঘোষনা হয়। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদন্ডিত হলেন, একই এলাকার আব্দুল মজিদেও ছেলে সাখাওয়াত হোসেন(২৩), তাইজলের ছেলে সোহেল(২১), আছর শেখের ছেলে আল আমীন(২১), ভোলার ছেলে সাদ্দাম(২১), কামালের ছেলে উজ্জল(২১), সোজার ছেলে অন্তর(২১) ও শহিদুলের ছেলে ফয়জুর(২৩)। যাবজ্জীবন দন্ডিতরা হলেন- গিয়াস উদ্দিনের ছেলে চান মিয়া(৪১), আছর শেখের ছেলে জিয়ার(৩৬), ভোলার ছেলে শাহ আলম(৩৬), রফিজলের ছেলে কাওছার(২০), তারা মিয়ার ছেলে রিফাত(২২), আব্বাস আলীর ছেলে সুমন(২২) ও নান্টু শেখের ছেলে মোস্তফা(৪০)। যাবজ্জীবন দন্ডিতদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করে আদালত।
মামলা সূত্রে জানা গেছে, জেলার মাদারগঞ্জ উপজেলায় ২০১৬ সালে ১০ এপ্রিল ইউপি নির্বাচনকে কেন্দ্র একটি দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটে। ওই ঘটনায় মাদারগঞ্জ থানায় একটি মামলা হয়। মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা মোস্তফাকেও আসামী করা হয়। পুলিশ আসামী মোস্তাফাকে ধরতে যায়। মোস্তাফার বাড়ী সনাক্ত করার জন্য একই গ্রামের আব্দুস সালাম দফাদারের ছেলে কলেজ শিক্ষার্থী মহর আলী(১৭) ও জাহাঙ্গীর আলমের ছেলে মাদরাসা শিক্ষার্থী স্বপন মিয়া(১৬) এর সহযোগিতা চায় পুলিশ। তারা দুইজন চাচা ভাতিজা। তাদের সহায়তায় পুলিশ মোস্তফাকে গ্রেফতার করে।
এ ঘটনায় মোস্তফা ও তার পরিবারের লোকজন শিক্ষাথী মহর আলী ও স্বপন মিয়ার প্রতি ক্ষুব্ধ হয়। মোস্তাফা জামিনে বের হয়। এর পর পূর্ব পরিকল্পনা অনুযায়ি ২০১৬ সালের ১৬ মে রাতে গানবাজনার কথা বলে সাখাওয়াত হোসেন ও সোহেল রানা নামে দুই ব্যাক্তি মহর আলী ও স্বপন মিয়াকে বাড়ী থেকে ডেকে নেয়। এর ৩ দিন পর স্থানীয় একটি পাটখেত থেকে শিক্ষার্থী মহর আলী ও স্বপন মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নামীয় আসামী ছিলো ২২ জন। তদন্ত শেষে পুলিশ ১৪ জনের নামে চার্জশীট দেয়।
এব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবি মোহাম্মদ দিদারুল আলম বলেন, বিজ্ঞ বিচারক মামলার রায় দিয়েছেন। রায়ে মোট ৭জন আসামীর মৃত্যুদন্ড ও ৭ জন আসামীর যাবজ্জীবন এবং অর্থদন্ডে দন্ডিত হয়।
মতামত