নেত্রকোণার সীমান্ত উপজেলা কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় মুন (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বছর বয়সী খালাতো বোন রাফা মনি আহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় কলমাকান্দা-রঘুরামপুর সড়কের মুন্সিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন উপজেলার সদর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের হোসেন মিয়ার মেয়ে। সে কলমাকান্দা পূর্ব বাজার এলাকার একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কলমাকান্দা বাজারের ভাড়া বাসা থেকে তিন বছর বয়সী খালাতো বোন রাফা মনিকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন মুন। মুন্সিবাড়ি এলাকায় পৌঁছালে তারা সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল মুনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় রাফা মনির ডান হাত ভেঙে গেছে বলে জানা গেছে।
অটোচালক মাসুম জানান, হঠাৎ করেই মুন ও শিশু রাফা মনি পাকা সড়কের ওপর পড়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মতামত