ব্রাহ্মণবাড়িয়ার টান বাজারে যেন নিষিদ্ধ জালের গোপন ভাণ্ডার! গোপন সংবাদের ভিত্তিতে হঠাৎ অভিযান চালিয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে জব্দ করা হয়েছে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ৪১ বস্তা অবৈধ রিং জাল। মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর এসব নিষিদ্ধ জালের মজুদের ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে করা হয়েছে ১ লাখ টাকা জরিমানা। পরে জব্দ করা বিপুল পরিমাণ রিং জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের টান বাজার এলাকার হাজি এন্টারপ্রাইজে জেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাজি এন্টারপ্রাইজে তল্লাশি চালানো হলে সেখানে মজুত অবস্থায় পাওয়া যায় ৪১ বস্তা নিষিদ্ধ রিং জাল। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা অবৈধ জাল আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক শামীম আহমেদ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৎস্যসম্পদ রক্ষা, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ ও নদ-নদীর পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিষিদ্ধ জাল ও পোনা মাছ নিধনসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মতামত