বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত সরকারের সব বিদ্যমান কমিটি পুনর্গঠন ও হালনাগাদের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে এ কাজ শেষ করে হালনাগাদ কমিটির তথ্য জমা দিতে মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বলা হয়েছে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, সরকারের বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম বাস্তবায়নের জন্য স্থানীয় পর্যায়ে গঠিত অনেক কমিটি দীর্ঘদিন ধরে হালনাগাদ করা হয়নি। কয়েক বছর আগে গঠিত হওয়ায় কিছু কমিটির বর্তমান সদস্য তালিকা ও কার্যক্রমসংক্রান্ত তথ্যও পাওয়া যাচ্ছে না।
এ পরিস্থিতিতে বিদ্যমান সব কমিটি নতুন করে সাজানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
নির্দেশনা অনুযায়ী, কমিটি পুনর্গঠনের সময় সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। প্রতিটি পুনর্গঠিত কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। তাদের মধ্যে অন্তত একজন নারী সদস্য রাখা বাধ্যতামূলক।
কমিটির সভাপতি বা আহ্বায়ক স্থানীয় পর্যায়ের ওই তিনজন সদস্যকে মনোনয়ন দেবেন।
অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত ৯৮টি কমিটিসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার অধীন বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ের অন্যান্য সব কমিটিও পুনর্গঠন ও হালনাগাদের আওতায় আনা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে পুনর্গঠন কার্যক্রম শেষ করে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়কে এ বিষয়ে জানাতে বলা হয়েছে। সরকারের আশা, দীর্ঘদিন পর স্থানীয় পর্যায়ের কমিটিগুলো হালনাগাদ হলে বিভিন্ন সরকারি কার্যক্রমে সমন্বয়, অংশগ্রহণ ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।
মতামত