বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটে আনুষ্ঠানিকতা শেষে তিনি বঙ্গভবন ত্যাগ করেন।
বিদায় অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি সালাম গ্রহণ করেন এবং উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এর আগে বঙ্গভবনের কর্মকর্তারা ফুল দিয়ে তাকে বিদায় জানান। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদায়ের সময় হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন। পরে কঠোর নিরাপত্তা ও প্রটোকলের মধ্য দিয়ে গাড়িবহরসহ বঙ্গভবন ত্যাগ করেন তিনি।
গত ২৪ জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন হাফিজ উদ্দিন আহমদ।
এদিকে বৃহস্পতিবারই দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচিত নতুন রাষ্ট্রপতি শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন।
এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ। নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের প্রাক্কালে বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
মতামত