দেশের ২৩তম রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের কথা রয়েছে।
নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, তা নিয়ে আইনি প্রশ্ন ওঠায় এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। কারণ, বর্তমান ডেপুটি স্পিকার কায়সার কামাল এখন ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন।
আইন মন্ত্রণালয় তাদের মতামতে জানিয়েছে, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাতে ভারপ্রাপ্ত স্পিকারের কোনো সাংবিধানিক বাধা নেই।
মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুসারে স্পিকারের দায়িত্বগুলো ডেপুটি স্পিকার পালন করছেন।
সে অনুযায়ী, স্পিকারের দায়িত্বে থাকা অবস্থায় ডেপুটি স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর সাংবিধানিক ক্ষমতা রাখেন বলেও মত দিয়েছে আইন মন্ত্রণালয়।
ফলে আইনি মতামতের পর দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মতামত