নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি কারেঙ্গাতুলী গ্রামে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আরমান হোসেন (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তার সঙ্গে থাকা লাজু (১৫) নামের এক কিশোরের বিরুদ্ধেও সহযোগিতার অভিযোগ উঠেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই প্রতিবন্ধী তরুণী পরিবারের সঙ্গে নিজ বাড়িতে বসবাস করেন। অভিযুক্ত আরমান হোসেন একই গ্রামের মোতালেব হোসেনের ছেলে। আরমান ও লাজু ঢাকায় রড মিস্ত্রির কাজ করেন।
অভিযোগ অনুযায়ী, গতকাল রাতে ঢাকায় যাওয়ার কথা থাকলেও তারা সেখানে না গিয়ে এলাকায় ফিরে আসেন। পরে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ভুক্তভোগীর মা বাড়িতে না থাকার সুযোগে টিনের বেড়া ভেদ করে ঘরে প্রবেশ করেন তারা। এ সময় আরমান জোরপূর্বক ওই তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর চিৎকার শুনে তার বাবা ও আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে আরমানের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। সেখানে পরিবারের পক্ষ থেকে আরমান ঢাকায় চলে গেছেন বলে জানানো হয়।
এরপর অভিযুক্তদের বাড়ির পেছনে একটি বড়ই গাছের নিচ থেকে কাপড়সহ একটি ব্যাগ উদ্ধার করা হয় বলে জানা গেছে।
খবর পেয়ে ডোমার থানা পুলিশের একটি দল চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাদশার নেতৃত্বে ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং উদ্ধার হওয়া ব্যাগটি জব্দ করে। পরে ভুক্তভোগীকে থানায় নেওয়া হয়।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে অভিযোগের বিষয়টি তদন্তাধীন এবং অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মতামত