রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের আরও এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী রেজিস্ট্রেশনবিহীন তিনটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. রাসেল মিয়া (২৬)। তিনি জেলার পীরগঞ্জ উপজেলার দামোদরপুর এলাকার বাসিন্দা।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর নগরীর দর্শনা আলহাজনগর এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাজহাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলাটি গুরুত্ব সহকারে নিয়ে মাঠে নামে পুলিশ। এর আগে রংপুর, মিঠাপুকুর ও পীরগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছিল।
পরবর্তীতে আদালতের আদেশে ওই আসামিদের ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ডে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যের সূত্র ধরে গত মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে পীরগঞ্জের শানেরহাট বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখানে অভিযান চালিয়ে রাসেল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়, যেগুলোর কোনো বৈধ কাগজপত্র বা রেজিস্ট্রেশন ছিল না।
এ বিষয়ে তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে। সাধারণ মানুষের যাতায়াত ও নিরাপত্তা রক্ষার্থে এবং চুরি চক্রের মূলোৎপাটনে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মতামত