হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দাবি করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব রেজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রের অক্ষমতা এবং একই সঙ্গে প্রণালীটির মালিকানা দাবি করার মধ্যে যে ব্যবধান, তা ওয়াশিংটন থেকে হরমুজ প্রণালীর প্রায় ৭ হাজার মাইল (১১ হাজার ২৬৫ কিলোমিটার) দূরত্বের চেয়েও বেশি।
তিনি আরও লেখেন, ‘পারস্য উপসাগরে আমেরিকাবিহীন নতুন বিশ্বব্যবস্থায় স্বাগতম।’
ট্রাম্পের হরমুজ প্রণালী নিয়ে করা মন্তব্যের জবাব হিসেবেই রেজাই এ বক্তব্য দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী নিয়ে সাম্প্রতিক বক্তব্য ও পাল্টা বক্তব্য নতুন করে আঞ্চলিক পরিস্থিতির ওপর আন্তর্জাতিক মনোযোগ বাড়িয়েছে।
মতামত