শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো বা স্বতন্ত্র পে-স্কেল চালুর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক তথ্যপুস্তক পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষকদের বেতন ও জীবনমান প্রসঙ্গে মন্ত্রী বলেন, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অন্য যেকোনো পেশা থেকে আলাদা। তাই তাদের বেতন কাঠামো অন্য পেশার সঙ্গে তুলনা করা সমীচীন নয়। শিক্ষকদের আর্থিক সুবিধার পাশাপাশি পেশাগত মর্যাদা ও সামগ্রিক জীবনমান উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে স্বতন্ত্র পে-স্কেল নিয়ে একাধিক প্রস্তাব আসায় বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও আলোচনা চলছে। সরকারের উচ্চপর্যায়েও এ বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে।
শিক্ষক সংকট নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে দীর্ঘদিন ধরে শূন্য পদ পূরণে মামলা ও প্রশাসনিক জটিলতা বাধা হয়ে ছিল। ২০১৭ সাল থেকে চলা এসব জটিলতা দ্রুত নিরসনে সরকার কাজ করছে বলে জানান তিনি।
দেশের বড় জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি শিক্ষা ও জীবনব্যাপী শিক্ষার সুযোগ সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন মন্ত্রী।
মতামত