ময়মনসিংহের মুক্তাগাছায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের শাটারের তালা ভেঙে নগদ টাকা, টেলিভিশন, ব্লেন্ডার, রাইস কুকার, মাইক্রোওভেনসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ সময় প্রতিষ্ঠানের প্রায় ১৫ থেকে ২০টি ব্যাংকের স্বাক্ষরিত চেকবইও নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানের ম্যানেজার আমিনুল ইসলাম (২১)।
অভিযোগ সূত্রে জানা যায়, মুক্তাগাছা পৌরসভার পাড়াটঙ্গী এলাকায় অবস্থিত এমএস হলি এন্টারপ্রাইজ নামের ব্যবসাপ্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন আমিনুল ইসলাম। গত ১৬ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তিনি প্রতিষ্ঠানটি বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন ১৭ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয় লোকজন প্রতিষ্ঠানটির শাটার খোলা দেখতে পান। পরে তারা বিষয়টি প্রতিষ্ঠানের মালিক মো. নাসির উদ্দিনকে জানান।
খবর পেয়ে আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, প্রতিষ্ঠানের শাটারের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান, বিভিন্ন মালামাল তছনছ অবস্থায় পড়ে আছে এবং ক্যাশবক্সে রাখা নগদ টাকা নেই।
এরপর প্রতিষ্ঠানটির ম্যানেজার আমিনুল ইসলাম লিখিত অভিযোগে জানান, চোরেরা দুটি ক্যাশবক্সের তালা ভেঙে নগদ প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া প্রতিষ্ঠানে থাকা ওয়ালটন গুগল এলইডি ৩২ ইঞ্চির ৮টি টেলিভিশন, ১ হাজার ওয়াটের ৬টি ব্লেন্ডার, ১০টি রাইস কুকার ও ২টি মাইক্রোওভেনসহ বিভিন্ন মালামাল চুরি হয়। একই সঙ্গে ১৫ থেকে ২০টি ব্যাংকের স্বাক্ষরিত চেকবইও খোয়া যায়।
অভিযোগকারীর দাবি, চুরি যাওয়া নগদ টাকা, মালামাল ও চেকবই মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ ৮৩ হাজার ৯৬০ টাকা।
এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত