রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তন না হলে ক্ষমতায় যিনিই আসুন, তিনিই আবার শেখ হাসিনার মতো হয়ে উঠবেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি।
তিনি বলেন, শুধু চালক পরিবর্তন করে লাভ নেই। রাষ্ট্র পরিচালনার মূল ব্যবস্থার পরিবর্তন করতে হবে। তা না হলে দক্ষ চালক দিয়েও গাড়িকে সঠিক পথে নেওয়া সম্ভব হবে না।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের কাচারী রয়্যাল পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মতবিনিময় সভার আগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা হয়েছিল। এখনও কিছু ক্ষেত্রে সেই প্রবণতা দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে রাষ্ট্রকাঠামোর মৌলিক পরিবর্তন আনতে হবে। তা না হলে বর্তমান ব্যবস্থায় প্রকৃত পরিবর্তন আসবে না।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আগামী ডিসেম্বরে তার বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না।
তার দাবি, বাংলাদেশকে রাজনৈতিক ও ভূরাজনৈতিক চাপে রাখতে ভারত আওয়ামী লীগকে ব্যবহার করছে।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে দলীয় পরিচয়ের চেয়ে দেশপ্রেমকে বেশি গুরুত্ব দিতে হবে।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রসঙ্গে তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, কেবল নামমাত্র তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেই চলবে না; প্রধান উপদেষ্টা ও পুরো পরিষদ গঠনের প্রক্রিয়া সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে নির্ধারণ করতে হবে। কোনো একক দল নিজেদের পছন্দসই লোক দিয়ে সরকার গঠনে অপচেষ্টা চালালে এনসিপি তা প্রতিহত করবে।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আগামী ৩১ অক্টোবর ঢাকার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ নানা দাবিতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এ ছাড়া মুন্সীগঞ্জের নদী ভরাট, অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে স্থানীয়দের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, মুন্সীগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাজেদুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীমসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মতামত