মৌলভীবাজার পৌরশহরে অবৈধ দখল ও পৌরসভা আইন লঙ্ঘনের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা প্রশাসনের উদ্যোগে পৌরশহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭টি মামলায় মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে পৌরশহরে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন,২০০৯-এর ১০৮ ধারা লঙ্ঘনের দায়ে ১০৯ ধারায় ৪টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মৌলভীবাজার পৌরসভার সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।
একই দিনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমির নেতৃত্বে শহরের শমসেরনগর রোড ও পশ্চিম বাজার এলাকায় পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন,২০০৯-এর ১০৯ ধারায় ৩টি মামলা করা হয় এবং মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি জানান,পৌর এলাকার সড়ক,ফুটপাত ও জনসাধারণের চলাচলের পথ নির্বিঘ্ন রাখা এবং পৌরশহরের শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আইন অনুযায়ী অভিযান পরিচালনা করা হচ্ছে। জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন অবৈধ দখল ও পৌর আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা জানান,পৌরশহরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা,জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
মতামত