বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) নির্বাচন-২০২৬ অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ। সঞ্চালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
সভায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাতায়াত এবং সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় জানানো হয়,আগামী ২৮ নভেম্বর (শনিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মৌলভীবাজার,সিলেট,চট্টগ্রাম, হবিগঞ্জ ও রাঙামাটি জেলার ২৩০টি কেন্দ্রে একযোগে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর মধ্যে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১৩৫টি কেন্দ্রের অধীনে ১৩৫টি পঞ্চায়েতে মোট ৬০ হাজার ৪৮২ জন চূড়ান্ত ভোটার রয়েছেন। জেলার মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ভোটার সংখ্যা সবচেয়ে বেশি,১৮ হাজার ৮২২ জন। উপজেলার ৪০টি বাগান ও পঞ্চায়েতের অধীন এসব ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উল্লেখ্য,এ নির্বাচনের মাধ্যমে চা শ্রমিকদের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব নির্বাচিত হবে। একই সঙ্গে পঞ্চায়েত কমিটি,প্রাথমিক নির্বাহী কমিটি,ভ্যালি নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে। চা শ্রমিকদের অধিকার,স্বার্থ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভা থেকে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা,প্রার্থী, ভোটার,চা-বাগান কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি ভোটারদের নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য সবার সহযোগিতা কামনা করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন,সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬ অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
মতামত