গাজীপুরের সালনা এলাকায় ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। বুধবার (২৫ নভেম্বর) সকালে এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর ১০ সদস্য আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন শ্রমিকরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
দফায় দফায় সংঘর্ষে পুলিশের পাঁচ, বিজিবির তিন ও আনসার বাহিনীর দুই সদস্য আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রে’নেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাজীপুর শিল্প পুলিশের এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সালনায় শ্রমিকদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১০ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা করা হবে।
মতামত