সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ঢাবিতে পরপর দুই স্থানে ককটেল বিস্ফোরণ, গুরুতর আহত ১

ঢাবিতে পরপর দুই স্থানে ককটেল বিস্ফোরণ, গুরুতর আহত ১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এতে সোহেল (৩৬) নামে এক প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।দুপুর ২টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পাশের শ্যাডো এলাকা এবং ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে এ বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি ককটেল ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন দুটি ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্ফোরণে কেউ আহত হয়েছেন কি না, জানতে চাইলে প্রক্টর জানান, এফবিএসের ডিন তাঁকে জানিয়েছেন, সেখানে একটি গাড়ির চালক আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রক্টর।

গুলির ঘটনার পর প্রথমবার সামনে এলেন টাইগার শ্রফ

অবশেষে সামনে এলো বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার পর তার প্রথম ছবি। ছবিতে  পাশে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ও অভিনেতার বুকে ও বাঁ হাতে ব্যান্ডেজে দেখা যায়। এসময় অভিনেতাকে নিজের বাড়ির সোফায় বসেছিলেন। সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত ছবিটি ঘিরে ভক্তদের মধ্যে তার শারীরিক অবস্থা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রবিবার (১৮ অক্টোবর) রাতে টাইগারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান একনাথ শিন্ডে। গুলির ঘটনায় অভিনেতা সামান্য আহত হয়েছেন। তাই প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তার গাড়িচালক বাঁ হাতে গুলিবিদ্ধ হয়েছেন। প্রয়োজনে তার অস্ত্রোপচার করা হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ডেপুটি পুলিশ কমিশনার মোহিত গার্গ জানান, রবিবার সন্ধ্যায় ফুটবল ম্যাচ খেলে ফেরার পথে মুম্বাইয়ের জুহু এলাকার পুষ্পা পার্কের কাছে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। প্রথমদিকে পুলিশ জানিয়েছিল, অভিনেতা নিরাপদে আছেন এবং গুলিবিদ্ধ হননি। পরে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, গুলির বারুদ ও কাচের টুকরোর আঘাতে তিনি সামান্য আহত হয়েছেন। এদিকে, ঘটনাটিকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন একনাথ শিন্ডে। টাইগারের সঙ্গে সাক্ষাতের পর তিনি জানান, এ বিষয়ে মুম্বাইয়ের পুলিশ কমিশনারের সঙ্গে তাঁর কথা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। শহরের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলেও জানান তিনি। মুম্বাইয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন শিন্ডে। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে হামলার দায় লরেন্স বিষ্ণোই গ্যাং স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। পোস্টটিতে সালমান খানের সঙ্গে কাজ বন্ধ না করলে চলচ্চিত্রজগতের অন্যদেরও নিশানা করার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে পোস্টটির সত্যতা এবং হামলার সঙ্গে ওই গ্যাংয়ের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। বলিউড তারকাদের লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অল ইন্ডিয়া সিনেমা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার পর চলচ্চিত্রজগতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি। তাদের দাবি, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়; বরং চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বদের মধ্যে ভীতি তৈরি করে অর্থ আদায়ের উদ্দেশ্যে এমন হামলা চালানো হচ্ছে। সংগঠনটি জানায়, এর আগেও বলিউড অভিনেতা সালমান খানের বান্দ্রার বাসভবনের বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। অভিনেতা সাইফ আলি খান নিজ বাড়িতে হামলার শিকার হয়ে ছুরিকাহত হয়েছিলেন। চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির জুহুর বাড়ির বাইরেও গুলি চালানো হয়। এ ছাড়া কৌতুকশিল্পী কপিল শর্মার ক্যাফেতে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেছে এআইসিডব্লিউএ। এসব ঘটনার ধারাবাহিকতা তুলে ধরে সংগঠনটি বলেছে, চলচ্চিত্রজগতের পরিচিত ব্যক্তিদের লক্ষ্যবস্তু করে আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। দুর্বৃত্তদের উদ্দেশ্য তারকাদের ভয় দেখানো এবং তাঁদের কাছ থেকে অর্থ আদায় করা বলে অভিযোগ সংগঠনটির। এআইসিডব্লিউএ আরও অভিযোগ করেছে, একের পর এক হামলার ঘটনা ঘটলেও অপরাধীদের দমনে সরকার ও পুলিশের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আগের কয়েকটি ঘটনায় হামলার দায় প্রকাশ্যে স্বীকার করার দাবি সামনে এলেও সংশ্লিষ্ট চক্রগুলো এখনো সক্রিয় বলে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। সংগঠনটির ভাষ্য, কেবল আশ্বাস বা বিবৃতি দিয়ে পরিস্থিতির উন্নতি হবে না। বলিউডের শিল্পী, কলাকুশলী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

গুলির ঘটনার পর প্রথমবার সামনে এলেন টাইগার শ্রফ

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪, হাসপাতালে ৪১

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান জেলায় পেশোয়ারগামী ‘রেহমান বাবা এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে অন্তত চারজন নিহত এবং ৪১ জন আহত হয়েছেন।মঙ্গলবার শের শাহ রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি চার যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পাঁচজন নিহত হওয়ার খবর নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন তিনি।দুর্ঘটনার কারণ জানতে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ফেডারেল গভর্নমেন্ট ইন্সপেক্টর অব রেলওয়েজকে (এফজিআইআর)। পাকিস্তান রেলওয়ের প্রকাশিত হতাহতের তালিকা অনুযায়ী, আহত ৪১ জনের মধ্যে তিনজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৩৮ জনকে মুলতানের নিশতার হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে অন্তত ১৩টি শিশু রয়েছে। এর আগে পাকিস্তান রেলওয়ের মুখপাত্র বাবর আলী ডনকে জানিয়েছিলেন, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। ট্রেনটির চালক রিজওয়ান আব্বাস ডনকে জানান, ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে চলার সময় শের শাহ স্টেশন এলাকা অতিক্রম করার মুহূর্তে তিনি হঠাৎ একটি ধাক্কা অনুভব করেন। সিগন্যাল ঠিক ছিল। ব্রেক কষে ট্রেন থামাতে সক্ষম হন। পরে লোকোমোটিভ থেকে নেমে পেছনে তাকিয়ে দেখেন, যাত্রীবাহী বগিগুলো লাইনচ্যুত হয়ে পড়ে আছে। দৃশ্যটি ছিল ভয়াবহ। ট্রেনটি সচল ও ত্রুটিমুক্ত ছিল। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহত যাত্রীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাকিস্তান রেলওয়ের বিমা নীতিমালা অনুযায়ী নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও উদ্ধারকাজ তদারকির জন্য দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন রেলমন্ত্রী। মুলতানের কমিশনার আমির করিম খানও ক্ষতিগ্রস্ত যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেন। যাত্রীদের অস্থায়ী আবাসন, পরিবহন, সকালের নাশতা ও চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ৫০০-এর বেশি যাত্রী নিয়ে রেহমান বাবা এক্সপ্রেসের বিকল্প একটি ট্রেন শের শাহ স্টেশন থেকে ছেড়ে যায়। যেসব যাত্রী সড়কপথে যাত্রা অব্যাহত রাখতে চান, তাদের জন্য জেলা প্রশাসনের সহায়তায় বাসের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের সহায়তায় পাকিস্তান রেলওয়ের সব প্রধান স্টেশনে ২৪ ঘণ্টা চালু থাকার মতো তথ্য ও সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রয়োজনে বিকল্প যাতায়াতের ব্যবস্থা এবং টিকিটের অর্থ ফেরত নিশ্চিত করতে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তান রেলওয়ের তথ্য অনুযায়ী, লোধরান ও জাহানিয়ান হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। গত এক বছরে পাকিস্তানে বেশ কয়েকটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেললাইন ও ট্রেনের রক্ষণাবেক্ষণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব দুর্ঘটনার পেছনে পাকিস্তান রেলওয়ের সম্ভাব্য অবহেলা ও অবকাঠামোগত দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে। গত ১ অক্টোবর শালিমার এক্সপ্রেস ও পাকিস্তান এক্সপ্রেস নামের দুটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়। একই সময়ে গুজর খানের কাছে জাফর এক্সপ্রেসের সঙ্গেও ছোটখাটো দুর্ঘটনা ঘটে। সে সময় পাকিস্তান রেলওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হাফিজুল্লাহ জানিয়েছিলেন, গত পাঁচ বছরে রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণে এসব দুর্ঘটনা ঘটেছে। তবে তিনি দাবি করেন, রক্ষণাবেক্ষণের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আগস্টে ফিরোজা রেলওয়ে স্টেশনের কাছে, খানপুর ও লিয়াকতপুরের মধ্যবর্তী স্থানে, ইউসুফওয়ালা কয়লাবাহী ট্রেন লাইনচ্যুত হয়। লুপ লাইনে বালির স্তূপে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। দুর্বল ব্রেক অথবা চালকের সময়মতো ব্রেক না করার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হয়। একই দিনে ঝিলাম জেলার কালা গুজরাঁ এলাকায় লাহোর-রাওয়ালপিন্ডি রেলপথে রাওয়াল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে রেল চলাচল ব্যাহত হয়। ৪ আগস্ট হাভেলিয়ানগামী হাজার এক্সপ্রেসও দুর্ঘটনার কবলে পড়ে। অভিযোগ রয়েছে, চালক নির্ধারিত সীমার বাইরে গিয়ে বালির স্তূপে ধাক্কা দিলে ট্রেনের বগি ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। পরদিন বুল্লে শাহ যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনাও ঘটে। ২৮ জুলাই হায়দরাবাদ-কোটরি সেকশনে লাহোরগামী তেজগম এক্সপ্রেস লাইনচ্যুত হয়। একই দিনে মুজাফফরগড়ের কাছে থল এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ৫ জুলাই খানেওয়ালের কাছে করাচিগামী শালিমার এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছিল। এ ছাড়া ২০ জুলাই লাহোরে বুল্লে শাহ যাত্রীবাহী ট্রেনের একটি কোচ এবং ২২ জুলাই করাচি ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের কাছে হাজার এক্সপ্রেসের চারটি যাত্রীবাহী কোচ লাইনচ্যুত হয়।

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪, হাসপাতালে ৪১

ইউক্রেনের নিরাপত্তা সদর দফতরে রুশ ড্রোন হামলা

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইউক্রেনের রাজধানী কিয়েভে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দফতরে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। হামলায় নয়জন আহত হয়েছেন। এ তথ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, হামলার মূল লক্ষ্য ছিল এসবিইউ প্রধানের ব্যক্তিগত কার্যালয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের প্রথমবারের মতো কিয়েভ সফরের দুই দিন আগে দিনের বেলায় এই হামলা চালানো হলো। ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। হামলার পর জেলেনস্কি এসবিইউকে রাশিয়ার বিরুদ্ধে ‘উপযুক্ত ও কার্যকর জবাব’ দেয়ার নির্দেশ দিয়েছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা এই হামলাকে ‘বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে বর্ণনা করেছেন। নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করে এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, হামলার সময় এসবিইউর ভারপ্রাপ্ত প্রধান ওলেক্সান্ডার পোকলাদ ঘটনাস্থলের আশপাশে ছিলেন না। জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেয়া এক পোস্টে জানান, কিয়েভের ভলোদিমিরস্কা সড়কে অবস্থিত এসবিইউর কেন্দ্রীয় ভবনে একটি রুশ ড্রোন আঘাত হেনেছে। ভবনটি সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের ঠিক বিপরীতে অবস্থিত। তিনি বলেন, ড্রোনটি সরাসরি ওই ভবনে থাকা এসবিইউ প্রধানের কার্যালয়কে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। ইউক্রেনের সংবাদমাধ্যম ইউক্রেইনস্কা প্রাভদায় প্রকাশিত একটি ছবিতে এসবিইউ ভবনের সামনের কমপক্ষে দু’টি জানালা দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। ভবনের সামনে একটি অগ্নিনির্বাপক গাড়িও দেখা গেছে। এএফপির এক সাংবাদিক ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স দেখতে পেয়েছেন। জেলেনস্কি জানান, হামলার পর তিনি এসবিইউর ভারপ্রাপ্ত প্রধান পোকলাদের সাথে কথা বলেছেন। তিনি তাকে রাশিয়ার বিরুদ্ধে এমন একটি কার্যকর জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন, যা সম্ভব হলে হামলার ধরন ও মাত্রার দিক থেকে পাল্টা প্রতিক্রিয়ার মতো হবে। এসবিইউ হলো ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা। রাশিয়ার বিরুদ্ধে একাধিক হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে এই সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের ওপর দিনের বেলাতেও রাশিয়ার হামলা বেড়েছে। এসব হামলায় কখনো কখনো জেট ইঞ্জিনচালিত ড্রোন ব্যবহার করা হচ্ছে, যেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা তুলনামূলক কঠিন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে চালানো এই হামলায় কমপক্ষে নয়জন আহত হয়েছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক মাসগুলোতে অনেকটাই স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের সাথে চলমান যুদ্ধের দিকে বেশি মনোযোগ দিয়েছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণ সাড়ে চার বছর ধরে চলছে। এ যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাতে পরিণত হয়েছে। এতে হাজার হাজার বেসামরিক মানুষ ও কয়েক লাখ সেনা নিহত হয়েছেন। সূত্র : বাসস

ইউক্রেনের নিরাপত্তা সদর দফতরে রুশ ড্রোন হামলা

টর্নেডোর তাণ্ডবে থমকে গেল ফ্রান্সের জনজীবন

সোমবার (২৪ আগস্ট) ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে গেলে এতে ৪১ জন আহত এবং কয়েক শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশের দক্ষিণ-পশ্চিমের বিস্তীর্ণ এলাকায় ঝড়ের জন্য কমলা সতর্কতা জারি করেছিল ফ্রান্সের কর্তৃপক্ষ। এ সময় বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরিবহন ব্যবস্থায়ও বিশৃঙ্খলা দেখা দেয়। কর্তৃপক্ষ আউদ বিভাগে অনুষ্ঠিত ভুয়েলতা আ এস্পানা সাইক্লিং প্রতিযোগিতার তৃতীয় ধাপ বাতিল করে। শিলাবৃষ্টির কারণে প্রতিযোগিতায় অংশ নেয়া সাইক্লিস্টরা আশ্রয় নিতে বাধ্য হলে এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রায় এক হাজার বাসিন্দার গ্রাম পোমায় টর্নেডোর আঘাত ছিল সবচেয়ে বেশি। এতে আনুমানিক ৩০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো কোনো বাড়ির ছাদও উড়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে ১২০ জনের বেশি জরুরি কর্মী মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। বাড়ি ধসে তার ওপর পড়লে তিনি আহত হন বলে তার স্বামী বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন। জাতীয় আবহাওয়া সংস্থা মেতেও-ফ্রান্স জানিয়েছে, কাছের আরকেত-আঁ-ভাল গ্রামে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১১৭ কিলোমিটার পর্যন্ত উঠেছিল। দক্ষিণ ফ্রান্সজুড়ে ঝড়ে পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। ট্রেন চলাচলে বিলম্ব হয়। সড়ক বন্ধ করে দিতে হয়। বোর্দো, মার্সেই, নিস, তুলুজ এবং উত্তরে প্যারিসের বিমানবন্দরগুলোতেও বিমান চলাচলে বিলম্ব ও ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো। কর্তৃপক্ষ জানায়, ১০টি গ্রামের প্রায় দুই হাজার ৮০০ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফ্রান্সে বছরে গড়ে কয়েক ডজন টর্নেডো দেখা যায়। মেতেও-ফ্রান্স জানিয়েছে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে টর্নেডোর সংখ্যা ও তীব্রতার ওপর কী প্রভাব পড়ছে, তা এখনো স্পষ্ট নয়। সূত্র : বাসস

টর্নেডোর তাণ্ডবে থমকে গেল ফ্রান্সের জনজীবন
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream