ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এতে সোহেল (৩৬) নামে এক প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
দুপুর ২টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পাশের শ্যাডো এলাকা এবং ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে এ বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি ককটেল ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন দুটি ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছেছে।
বিস্ফোরণে কেউ আহত হয়েছেন কি না, জানতে চাইলে প্রক্টর জানান, এফবিএসের ডিন তাঁকে জানিয়েছেন, সেখানে একটি গাড়ির চালক আহত হয়েছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রক্টর।
মতামত