গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ ও অবস্থানের ঘটনায় ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করলে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
সকালে কাশিমপুর ও জরুন এলাকার রিপন নীটওয়্যার এবং আলিম নীটওয়্যার কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁদের সঙ্গে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরাও যোগ দেন। এ পরিস্থিতিতে কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকার ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এছাড়া গাজীপুর সদর উপজেলায় শ্রমিকদের কর্মবিরতির কারণে আরও পাঁচটি কারখানা ছুটি দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোনাবাড়ীর জরুন এলাকায় রিপন নীটওয়্যার কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা আশপাশের কারখানার শ্রমিকদেরও বেরিয়ে আসার আহ্বান জানান। এতে কয়েকটি কারখানার শ্রমিকেরা বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
অন্যদিকে, নাওজোর এলাকায় আইসিসিএল কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা অন্য কারখানার শ্রমিকদেরও বাইরে বের করে আনার চেষ্টা করেন। এসব পরিস্থিতির কারণে কয়েকটি কারখানা কর্তৃপক্ষ এক দিনের জন্য ছুটি ঘোষণা করে।
এ ছাড়া গাজীপুর সদর উপজেলার শ্রমিক বিক্ষোভের কারণে এস এম নীটওয়ারস, গোল্ডেন রিফিট গার্মেন্টস, সিল্কেন সুইং লিমিটেড, আর এন জি গার্মেন্টস ও ফকিরা গার্মেন্টস ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, কাশিমপুর জরুন এলাকায় দুটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে। পরে তাঁরা আশপাশের কারখানার শ্রমিকদের বের করে নিয়ে আসার চেষ্টা করে। এসব ঘটনায় কাশিমপুর, জরুন ও নাওজোরসহ কয়েকটি এলাকার ছয়টি কারখানা ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। পাশাপাশি বাঘের বাজার এলাকার শ্রমিক বিক্ষোভের পর কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে। শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যায়।
অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন শিল্পাঞ্চলে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
মতামত