নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় আগুন লাগার ঘটনায় ৬৩ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। আর একজনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ‘জামিয়া আশরাফিয়া’ মাদ্রাসায় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, পাঁচতলা মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় থাকা লাইব্রেরি ও অফিস কক্ষে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো ভবনে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়ার কারণে শ্বাস নিতে না পেরে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সংবাদমাধ্যমকে বলেন, হাসপাতালে আসা ৬৩ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে আইসিইউতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।
সুলতান মাহমুদ শিকদার আরও বলেন, ‘কোনো শিক্ষার্থীর শরীরে পোড়ার কোনো চিহ্ন নেই। প্রত্যেকেরই শ্বাসনালির সমস্যা হয়েছে। ধোঁয়ায় এ অবস্থা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত, তা নয়। আমরা কয়েকজনকে ছেড়ে দেওয়ার কথাও ভাবছি।’
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই মাদ্রাসার আগুনের সূত্রপাত হতে পারে।
মতামত