নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বগিটির চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে ট্রেনের গার্ড ও কর্মীরা প্রথমে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
তবে এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি। নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মোহনগঞ্জ স্টেশন ছেড়ে যায় হাওর এক্সপ্রেস।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, ঢাকা থেকে আসা ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। এরপর যাত্রীরা নেমে গেলে গার্ড ও কর্মীরা খাবার খেতে বাইরে যান। তখন ট্রেনে কোনো যাত্রী বা কর্মী ছিলেন না। এই সুযোগে দুর্বৃত্তরা একটি বগিতে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে গার্ড ও কর্মীরা দ্রুত ফিরে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
স্টেশন মাস্টার আরও জানান, স্টেশনের পশ্চিম পাশে থাকা ‘ড’ বগিতে আগুনের ঘটনা ঘটে। জায়গাটি প্ল্যাটফর্মের বাইরে হওয়ায় সেখানে সিসিটিভি ক্যামেরা নেই। আগুনে বগিটির ৫-৬ ও ১১-১২ নম্বর আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, স্টেশনে দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে একটি বগির চারটি আসন পুড়ে গেছে। পরে ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে আগুন নেভান।
তিনি আরও বলেন, যে বগিতে আগুন দেওয়া হয়েছে, সেটি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত