মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে। পাসপোর্ট আইন অনুযায়ী, কোনো ব্যক্তি দণ্ডিত হলে নির্দিষ্ট শর্তে তাঁকে নতুন করে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই।
এ বিষয়ে বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩-এর ৬ নম্বর অনুচ্ছেদের ব্যাখ্যা দিয়ে আমিনুল ইসলাম বলেন, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে দণ্ডিত হয়ে থাকলে এবং তাঁর সাজার মেয়াদ কমপক্ষে দুই বছর হলে তাঁকে পাসপোর্ট দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, একই আইনের ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিল করা যেতে পারে।
শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, এ ধরনের অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের আওতায় পড়ে। এ কারণেই বাংলাদেশ সরকার তাঁর পাসপোর্ট বাতিল করেছে।
আমিনুল ইসলাম আরও জানান, পাসপোর্ট আইনের ৬ নম্বর অনুচ্ছেদের এ, বি, সি ও ই ধারার বিধান অনুযায়ী, দণ্ডিত হওয়ায় শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই।
মতামত