তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে। কোনো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ বা তাতে হস্তক্ষেপ করার ইচ্ছা সরকারের নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন, সম্প্রচার সাংবাদিকদের পেশাগত সুরক্ষায় বিজেসির পক্ষ থেকে যেসব দাবি জানানো হয়েছে, সেগুলো আলোচনা ও সমঝোতার মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, সরকার দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রত্যাশা করে। টেলিভিশন চ্যানেলগুলোকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে বিজেসির দেওয়া পরামর্শগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
এ ছাড়া অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার ঘটনা প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
মতামত