নরসিংদীর মনোহরদী উপজেলাকে সবুজ,স্নিগ্ধ,রঙিন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে একদিনে পাঁচ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরিফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মাহামুদুল হাসান।
এসময় নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বৃক্ষ রোপণের পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের গুরুত্ব দিতে হবে। মনোহরদীকে সবুজ ও সুন্দর উপজেলায় রূপান্তরে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই; সবাইকে গাছ লাগানো ও যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো.হামিদুল ইসলাম,উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সাবেক ভিপি গোলাম মোস্তফা,দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.ফারুক আকন্দ,একদুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল আলম হাতেম, উপজেলা যুবদলের সভাপতি মো. তাজুল ইসলাম আফ্রাদ,হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সোহরাব হোসেন, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয় এবং হাতিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।এদিকে একই দিনে উপজেলার প্রায় তিনশত শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
মতামত