নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। মামলার নথি ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের ভয়াবহ বিবরণ উঠে এসেছে। এসব জবানবন্দির সঙ্গে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণেরও মিল রয়েছে।
তিনি জানান, মামলার অন্যতম প্রধান আসামি তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার কথা উঠে এসেছে।
আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে অ্যাটর্নি জেনারেল এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক আদালতে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। এ সময় হাইকোর্টের রায় এবং আসামিদের জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ আদালতের নজরে আনা হয়।
ব্যারিস্টার অনীক আর হক বলেন, হত্যাকাণ্ডের কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এই মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। শুনানিতে তারেক সাঈদসহ কয়েকজন আসামির জবানবন্দির বিভিন্ন অংশ আদালতে পড়ে শোনানো হয়।
তারেক সাঈদের জবানবন্দি অনুযায়ী, ২০১৩ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি র্যাব-১১-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন। নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে র্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস)-এর অনুমতি নিতে হতো। ব্যাটালিয়ন অধিনায়কদের এককভাবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল না।
জবানবন্দিতে আরও বলা হয়, ২০১৪ সালে র্যাব সদর দপ্তরের একটি সম্মেলনে তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল জিয়াউল আহসান তারেক সাঈদকে একটি তালিকা দেন। সেই তালিকায় নারায়ণগঞ্জের নজরুল ইসলামের নাম ছিল।
এদিকে, জিয়াউল আহসানকে সাত খুন মামলায় আসামি করা হয়নি কেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রচলিত আইন অনুযায়ী এই মামলার বিচার হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া আলাদা। জিয়াউল আহসান আসামি না হলেও মামলার সাক্ষ্য ও জবানবন্দিতে তাঁর নাম এসেছে।
তিনি আরও বলেন, এ কারণে ইতিমধ্যে শেষ হওয়া বিচারিক প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলার সুযোগ নেই।
তিনি জানান, সাত খুন মামলায় হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড ও ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন। এছাড়া নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আপিল শুনানিতে হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে যুক্তি তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ।
অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের ব্যস্ততাসহ নানা বাস্তবতায় অনেক সময় নির্ধারিত সময়ে বিচার শেষ করা সম্ভব হয় না। তবে আলোচিত ও গুরুতর অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে অ্যাটর্নি জেনারেল কার্যালয় উদ্যোগ নিয়েছে।
এর অংশ হিসেবে নভেম্বর ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপিল বিভাগে নারায়ণগঞ্জের সাত খুন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা, মেজর সিনহা হত্যা এবং বিশ্বজিৎ দাস হত্যা মামলার শুনানি অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
অ্যাটর্নি জেনারেল জানান, বুধবার দিনভর সাত খুন মামলায় রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করেছে। বৃহস্পতিবারও মামলাটির শুনানি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মতামত